সন্দীপে বাল্কহেড ডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ৩

চট্টগ্রামের সন্দীপে বাল্কহেড ডুবে যাওয়ার চার দিন পর সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সৈকত সংলগ্ন সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়। বাল্কহেড ডুবির ঘটনায় এখনো তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

নিহত নবীর হোসেন (১৯) লক্ষ্মীপুর জেলার আলেকজেন্ডার থানার সবুজ এলাকার মো. ইব্রাহিমের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ। তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূল থেকে বালুবাহী বাল্কহেডটি সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেলের চার কিলোমিটার এলাকা অতিক্রমকালে বড় ঢেউয়ের কবলে পড়ে ইঞ্জিনের অংশ ডুবে যায়।

এতে নিখোঁজ হন ওই বাল্কহেডে থাকা শ্রমিক মো. মান্নান (২৬), আবদুল হান্নান (১৯), সোনা মিয়া (৫৫) ও নবীর হোসেন (১৯)। এ ঘটনার চার শ্রমিককে উদ্ধারে অভিযান চালান ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গত মঙ্গলবার রাতে দুর্ঘটনা ও নিখোঁজের ঘটনায় বাল্কহেডের মালিক সৈয়দ জুনাইদুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে নিখোঁজের চার দিন পর চার শ্রমিকের মধ্যে নবীর মরদেহ পাওয়া গেল। তবে এখনো তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।