গোটা ভারতজুড়েই জনপ্রিয়তা পেয়েছেন ‘কেজিএফ’ সিনেমার অভিনেতা যশ। এই সিনেমায় সাফল্যের পর রামায়ণের রাবণ হিসেবে পর্দায় আসতে চলেছেন তিনি।
এবার বলিউডেও নিজের জায়গা প্রতিষ্ঠিত করতে চান এই তারকা। যে কারণে শাহরুখ খানের সঙ্গে কাজের আগ্রহ দেখিয়েছেন তিনি।
নীতিশ তিওয়ারির রামায়ণে রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। কন্নড় অভিনেতা সেই ছবির কাজ শুরুর আগেই নাকি আরও একটি বলিউড প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন। অ্যাকশনধর্মী এই সিনেমায় শাহরুখের নামও শোনা যাচ্ছে।
বলিউড সূত্রের খবর, কেজিএফ ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো সাফল্য পাওয়ার পর হিন্দি দর্শকদের মধ্যেও যশের জনপ্রিয়তা তৈরি হয়েছে, ভক্ত সংখ্যা বেড়েছে। আর সেজন্যই তিনি বলিউডে নিজের পরিধি আরও বাড়াতে চাইছেন।
জানা গেছে, এটি একটি অ্যাকশন প্রজেক্ট। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যে প্রজেক্ট নিয়ে অভিনেতার কথাবার্তা চলছে। এছাড়া অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চান।
যশ বর্তমানে ব্যস্ত আছেন ‘রামায়ণ’ সিনেমার জন্য। নির্মাতা নীতিশ তিওয়ারির এই ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা, এমনটাই শোনা যাচ্ছে। এই সিনেমায় রাবণ চরিত্রে থাকবেন যশ। অন্যদিকে রামের ভূমিকায় থাকবেন রণবীর কাপুর এবং সীতা হবেন সাই পল্লবী।