গতকাল শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘তুফান’। দেশটির পশ্চিমবঙ্গে ৪৭টি প্রেক্ষাগৃহে চলছে এটি। এর প্রচারে সিনেমা সংশ্লিষ্টরা হাজির হয়েছেন কলকাতায়। তার আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় আয়োজন করা হয়েছে শাকিব-মিমি-রাফীদের নিয়ে সংবাদ সম্মেলন।
এতে এক সাংবাদিক শাকিবকে প্রশ্ন করে, মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং বুবলী কি সিনেমাটা দেখেছেন কিনা? দেখলে তার রিয়্যাকশনটা কী ছিল?
মিমি তখন মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনছিলেন। কিন্তু তিনি চিনতে পারেননি বুবলীকে। এরপর পাশে বসা রাফীকে ওপার বাংলার এই নায়িকা জিজ্ঞেস করেন, ‘বুবলী কে?’ মিমির এমন কথার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
অন্যদিকে, প্রশ্ন শুনে শাকিব খান কিছুক্ষণ চুপ থেকে বুবলীর বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘প্রাসঙ্গিক প্রশ্ন করেন। আর এই যে পাশাপাশি বসে কথা বলছি এতক্ষণেও বোঝা যায়নি মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? আসলে ব্যাপারটা উরাধুরাই ছিল।’
এদিকে, সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর বাকযুদ্ধ নিয়ে নেটদুনিয়ায় চলছে ব্যাপক চর্চা। ফলে স্বাভাবিকভাবেই কলকাতার ওই সংবাদ সম্মেলনেও উঠে আসে বিষয়টি। প্রশ্ন রাখা হয়; আপনাকে ঘিরে অপু-বুবলীর মধ্যে যে বিতর্ক চলছে- এ ব্যাপারে কী বলবেন?
প্রশ্ন শোনা মাত্রই অন্য প্রশ্নের জবাবে চলে যান ঢালিউডের এই তারকা। কৌশলে জবাব দেন অন্য প্রশ্নের। অর্থাৎ, প্রশ্নটি এড়িয়ে যান শাকিব খান।
সংবাদ সম্মেলন শেষে কলকাতার সাউথ সিটি মলে ‘তুফা’র বিশেষ শো অনুষ্ঠিত হয়। যেখানে হাজির হয়েছিলেন মধুমিতা সরকার, ইধিকা পাল, কৌশানী, বনি সেনগুপ্ত, অনিন্দ্য চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভসহ পশ্চিম বাংলার একঝাঁক তারকাশিল্পী।
উল্লেখ্য, ‘তুফান’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টালিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। রায়হান রাফী পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই, ইন্টারন্যাশনাল পরিবেশক হিসেবে আছে টালিউডের নামি প্রযোজনা-পরিবেশনা সংস্থা এসভিএফ।