লোহাগাড়ায় ৮ মামলার আসামি জামায়াত নেতা জসিম হেলালী গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় নাশকতা মামলার পলাতক আসামি চরম্বা ইউনিয়নপরিষদের (ইউপি) সদস্য ও জামায়াতে ইসলামীর দুর্ধর্ষ ক্যাডার জসিম উদ্দিন হেলালীকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব-৭।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের নতুন পাড়াস্থ দারুস সালাম ইবতেদায়ী মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জসিম উপজেলার চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা গ্রামের সুফিয়াবাদ কাজির পাড়ার সামশুল ইসলামের পুত্র।

সে জামায়াতে ইসলামীর চরম্বা ইউনিয়ন শাখার নায়েবে আমীর এবং চরম্বা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য।

তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিস্ফোরক আইনে লোহাগাড়া থানায় ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ওসি মো. রাশেদুল ইসলাম।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, সে একজন দুর্ধর্ষ ক্যাডার। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।