লেখা আছে ‘পেঁয়াজ নেই’, আড়তে ঢুকতেই পেল ৩৬ বস্তা!

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারের একটি আড়তের সামনে লেখা ‘পেঁয়াজ নেই’। কিন্তু ভেতরে ৩৬ বস্তা পেঁয়াজ পেল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি টিম। প্রতি বস্তায় ৪৭-৫০ কেজি পেঁয়াজ ছিল।

রোববার (১০ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ।

তিনি বলেন, উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে পাহাড়তলী বাজারের দুইটি আড়তে অভিযান চালানো হয়েছে। ১৮০-১৯০ টাকায় পেঁয়াজ বিক্রি করায় মেসার্স বাছামিয়া সওদাগর ও মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ আড়তগুলো পেঁয়াজ কেনার রশিদ দেখাতে পারেনি। তারা বলছে, কমিশন এজেন্ট হিসেবে বেপারীর নির্ধারিত দামে তারা পেঁয়াজ বিক্রি করে কেজি প্রতি কমিশন নেন।

এদিকে অপর অভিযানে টিসিবির সয়াবিন তেল খোলাবাজারে বিক্রি এবং অননুমোদিত রং বিক্রির দায়ে আমিন কলোনির সৈয়দ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এর আগে শনিবার পেঁয়াজের বাজার তদারকি অভিযানে চৌমুহনীর কর্ণফুলী মার্কেটের ফারুক স্টোরকে ৩০ হাজার, আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা, খাতুনগঞ্জের বরকত ভাণ্ডারকে ২০ হাজার, এ এইস ট্রেডার্সকে ১০ হাজার, এ কে ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।