লংগদুতে পানিতে ডুবে ১১ বছরের বালকের মৃত্যু 

রাঙ্গামাটির লংগদু উপজেলায় নানির সাথে বেড়াতে এসে পানিতে ডুবে মো. আরিফ (১১)নামে কিশোর এর মৃত্যু হয়েছে। আরিফ রাঙ্গামাটি সদরের শিমুল তলী এলাকার রুবেল মিয়ার ছেলে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) সকাল ১০ টায় লংগদু উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইসলামাবাদ গ্রামে নির্মাণাধীন ব্রিজের পশ্চিম পাশে মামা ও ভাগিনা আরিফ ও হোসেন খেলা করার সময় এক সাথে পানিতে পড়ে যায়।

স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, যখন দুজন পানিতে পড়ে যায়,তখন নির্মাণাধীন ব্রীজে কর্মরত শ্রমিকরা দেখে দ্রুত হোসেন কে উদ্ধার করে।  হোসেনের জ্ঞান ফেরার পর সে আরেকজন পানিতে আছে বললে শ্রমিক এবং প্রত্যক্ষদর্শীরা পানিতে নেমে খুঁজাখুঁজি করে উদ্ধার পূর্বক হোসেন এবং আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আরিফকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, ঘটনাস্থল লংগদু থানা পুলিশ পরিদর্শন করে। উক্ত বিষয়ে একটি অপ মৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে মৃত আরিফকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।