রাঙামাটিতে লরি-সিএনজি মুখোমুখি সংঘর্স, নিহত ৩

রাঙামাটিতে লরির সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় গুরুতর আহত ২ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় এবং অন্য একজন হাসপাতালে ভর্তি রয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান। নিহতদের মধ্যে মো. হানিফ নামের একজনের পরিচয় হাসপাতাল সূত্রে পাওয়া গেছে। তিনি রাঙামাটি শহরের তবলছড়িস্থ স্বর্ণটিলা এলাকার বাসিন্দা।

ডা. শওকত আকবর খান জানান, দুর্ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং মৃত আরও একজনকে কাউখালীতে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব কর জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত একজনকে কাউখালী থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন চক্রবর্তী মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি যাত্রী নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এসময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত রাঙামাটিমুখি একটি লরি অটোরিকশাটিকে ধাক্কা দেয় এবং অটোরিকশা পাহাড়ের নীচে পড়ে যায়। এতে অটোরিকশার চালক-যাত্রী সকলেই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন মারা যায়।