রাউজানে খাস জমি উদ্ধার করে খেলার মাঠ করার উদ্যোগ

রাউজানে ৭২ শতক সরকারী খাস জায়গা উদ্ধার করেছে রাউজান উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার চিকদাইর ইউনিয়নের হক বাজার এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা।

এ সময় তার সঙ্গে ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। উদ্ধারকৃত জমির মূল্যে দেড় কোটি টাকার বেশি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, দীর্ঘদিন বেদখলে ছিল সরকারী খাস শ্রেণীভূক্ত প্রায় ৭২ শতক জায়গা। অবৈধভাবে দখলে নিয়েছিল বেশ কয়েকজন অসাধু লোকজন। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নিদের্শনায় উপজেলা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে লাল পতাকা গেড়ে সরকারী জায়গাটি উদ্ধার করে উপজেলা প্রশাসন।

এদিকে উদ্ধারকৃত জায়গায় একটি আধুনিক ও দৃষ্টিনন্দন খেলার মাঠ করা হবে বলে জানিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা।

তিনি আরও বলেন, পুরো চট্টগ্রামে ১৯১টি ইউনিয়ন রয়েছে। আমাদের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মহোদয়ের স্বপ্ন প্রতিটি ইউনিয়ন একটি করে উন্মুক্ত খেলার মাঠ তৈরি করা হবে। এরই অংশ হিসেবে চিকদাইর ইউনিয়নে উদ্ধারকৃত জায়গায় উন্মুক্ত খেলার মাঠ তৈরি করা হবে। শিশু-কিশুরদের খেলার মাঠমুখি করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করা সম্ভব বলে মনে করছেন তিনি৷