চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান অংশে চারলেন সড়কে উল্টো পথে চলছে যানবাহন। এ কারণে একের পর এক দুর্ঘটনা ঘটলেও তদারকি নেই কর্তৃপক্ষের। শুধু উল্টোপথে চলছে তা না, চালকেরা মানছে না ট্রাফিক আইন।ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে প্রতিনিয়ত।
উল্টোপথে যানবাহন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাউজান হাইওয়ে থানার নব নিযুক্ত ওসি নজরুল ইসলাম।
জানা যায়, চট্টগ্রাম-রাঙামাটি চারলেন সড়কের কাজ শেষ পর্যায়ে। পরিপূর্ণ চারলেন সড়কে রূপান্তর হলেও চালকেরা উল্টোপথে যানবাহন চালানোর কারণে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে অহরহ দুর্ঘটনা ঘটছে। ঘটছে প্রাণহানীসহ হতাহতের ঘটনা।
বুধবার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বিভিন্নপ্রান্তে দেখা যায়, যাত্রীবাহিীবাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল উল্টোপথে চলাচল করছে।
রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহিদ ইসলাম বলেন, রাউজানে উল্টোপথে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়ক প্রশস্থ হওয়ায় দ্রুতগামী পরিবহন উল্টোপথে চালিয়ে সড়কে বিশৃঙ্খল সৃষ্টি করছে। উন্নত সড়কের পাশাপাশি নিরাপদ সড়ক খুবই জরুরী বলে মনে করছেন তিনি।
অন্যদিকে চট্টগ্রাম-রাঙামাটি চারলেন সড়কে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে ফুট ওভার ব্রীজ স্থাপনের দাবি পথচারীদের। উল্টোপথে যানবাহন চলাচল বন্ধসহ ট্রাফিক আইন বাস্তবায়নে হাইওয়ে থানা কর্তৃপক্ষের তদারকি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
রাউজান হাইওয়ে থানার নব-নিযুক্ত ওসি নজরুল ইসলাম বলেন, ‘আমি গত কয়েকদিন আগে যোগদান করেছি। উল্টোপথে যানচলচল বন্ধসহ সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কাজ করবো। প্রতিটি মানুষ সচেতন হলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব।’