সম্প্রতি নিজের জন্মদিনে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফেরেন ঢালিউডের নন্দিত চিত্রনায়িকা শাবনূর। নতুন সিনেমার জন্য তার ঢাকায় ফেরা। অস্ট্রেলিয়া থাকাকালীন এই নায়িকা যুক্ত হয়েছেন ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায়।
নতুন এই সিনেমাটি দিয়ে নতুন বছর নতুনভাবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর। সিনেমাটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন। এটি নির্মাতার প্রথম সিনেমা।
আরাফাত বলেন, থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। এটি নারী কেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
নতুন সিনেমা দিয়ে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।
সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। তবে শাবনূরের বিপরীতে কাকে নেওয়া হচ্ছে এই সিনেমায় তা এখনই খোলাসা করেননি নির্মাতা।