যুদ্ধবিরতে গাজায় প্রবেশ করবে ত্রাণবাহী ৮০০ ট্রাক

 

কাতার ও মিসরের মধ্যস্থতায় ৪ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাস যোদ্ধারা। এরপর থেকে দুই পক্ষে হামলা চলমান রয়েছে ।

আজ বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে জানান, দেড় মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের পর অবশেষে কাল শুক্রবার (২৪ নভেম্বর) থেকে প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে রাজি হয়েছে উভয় পক্ষ।

অপরদিকে বিষয়টি নিশ্চিত করে হামাসের সেনা শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে শুক্রবার সকাল থেকে পরবর্তী ৪দিন তারা কোনো ধরনের যুদ্ধ করবে না।

কাসেম ব্রিগেডস আরও জানায়, যুদ্ধবিরতির এই চারদিনে গাজায় ৮০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। তবে সেগুলো একসঙ্গে আসবে না। প্রতিদিন ২০০টি ট্রাক ত্রাণ নিয়ে আসবে। এছাড়া যুদ্ধবিরতির সময় প্রতিদিন ৪ ট্রাক জ্বালানিও গাজায় আসবে।

(৭ অক্টোবর) হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর ২৮ অক্টোবর থেকে স্থল হামলাও শুরু করে তারা। তাদের অমানবিক হামলায় এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। ইসরায়েলিদের অব্যাহত বিমান হামলায় গাজার সাধারণ মানুষের জীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিল। এ যুদ্ধবিরতিটি তাদের কিছুটা স্বস্তি দিবে ।

চারদিনের এ যুদ্ধবিরতি চলার সময় হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেবে। হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার বদলে ইসরায়েল ১৫০ ফিলিস্তিনিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে।

সূত্র: বিবিসি