মোশাররফের পর রাজনৈতিক বিবেচনায় মিরসরাইয়ে আমার চেয়ে যোগ্য কেউ নেই : দিলীপ বড়ুয়া

‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পর মিরসরাইয়ে রাজনৈতিক বিবেচনায় আমার চেয়ে যোগ্য আর কেউ আছে বলে আমি মনে করি না। এখন আমার বয়স শেষ পর্যায়ে, এতদিন আমি অপেক্ষা করেছি। এখন এটি আমার মোক্ষম সময়। প্রধানমন্ত্রী আমাকে যে প্রতীকে মনোনয়ন দেবেন সেই প্রতীকে আমি জনগণের কাছে ভোট চাইবো। আমি প্রধানমন্ত্রীর কাছে আশাবাদী। আমি রাজনীতি করি জনগণের ভালোবাসা পাওয়ার জন্য।’

গতকাল বৃস্পতিবার (৩১ আগস্ট) সকালে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাম্যবাদী দল মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যদি নমিনেশন নিয়ে আসেন উনার পক্ষে নির্বাচন করবো। তিনি পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, তাঁকে শ্রদ্ধা জানাই। ওঁনার নেতৃত্বে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে মিরসরাইতে কেউ আমাদের হারাতে পারবে না। সবার স্বপ্ন থাকে এমপি হওয়ার কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই।

নিজেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল বা বঙ্গবন্ধু শিল্পনগরের প্রতিষ্ঠাতা দাবি করে সাবেক এই শিল্পমন্ত্রী বলেন, যখন শিল্পমন্ত্রী ছিলাম তখন বঙ্গবন্ধু শিল্পনগর এলাকা সর্বপ্রথম আমিই প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখিয়েছি। আমার কারণেই সমুদ্র উপকূলে জেগে ওঠা অবহেলিত চর আজকে দেশেরে বৃহৎ অর্থনৈতিক জোন। আমার মন্ত্রীত্বের সুযোগটাকে সর্বোচ্চ কাজে লাগিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে ঘুরিয়ে দেখিয়েছি শিল্পনগরের প্রত্যন্ত এলাকা। অথচ আমি একটি প্লটও নিই নাই, জমি দখল করিনি। কিন্তু অনেকেই এসব করেছে।

দলের মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক সাহেল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতান আহম্মেদ, সাইমুম হক, রনজিত বড়ুয়া, বিজয় বড়ুয়া, এডভোকেট দির্ঘতম, মুক্তার আহম্মেদ, নুরুল আলম, নাজিম উদ্দিনসহ নেতাকর্মীরা।