ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট আবহাওয়াজনিত কারণে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ মে) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৩ মে-১৪ মে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে, বাতিল ফ্লাইটগুলো কীভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
এদিকে, চটগ্রাম ও কক্সবাজার বন্ধ হয়ে গেলেও ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
গণমাধ্যমকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে৷ তবে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
প্রসঙ্গত, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার ঝুঁকি বিবেচনায় রেড অ্যালার্ট জারি করেছে আন্তর্জাতিক দুর্যোগ সতর্কতা বিষয়ক সংস্থা গ্লোবাল ডিজাস্টার অ্যালার্ট অ্যান্ড কো–অর্ডিনেশন সিস্টেম (জিডিএসিএস)।