‘মুজিব’ সিনেমার টিকেটের মূল্য নিয়ে বিদিশা এরশাদের মন্তব্য

সম্প্রতি মুক্তি পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ । মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি।

প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ উপভোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। সিনেমাটির গল্প ও অভিনয়শিল্পীদের চমৎকার অভিনয়ে মুগ্ধ হয়েছেন তিনি।

বিদিশা বলেন, ‘শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে বায়োপিক হয়েছে, সেটা দেখার মতো। আমি রীতিমতো থান্ডার হয়েছি। যারা এখানে অভিনয় করেছেন তারা প্রাণপণ দিয়ে অভিনয় করেছে। এই সিনেমা না দেখলে বাঙালি বুঝবে না শেখ হাসিনা কত কি হারিয়েছেন।’

বিদিশা আরও বলেন- আমরা সবাই জানি শেখ হাসিনা ১৫ আগস্টে তার পরিবারের সবাইকে হারিয়েছেন। কিন্তু মুজিব সিনেমা দেখলে সবাই বুঝবে স্বজন হারানোর বেদনা কত কষ্টের। তবে তিনি মনে করেন, ‘মুজিব’ সিনেমার টিকেটের দাম বেশি হওয়াতে সকল জনসাধারনের পক্ষে এই সিনেমা দেখা সম্ভব হবে না।  বিদিশার কথায়, আমি ৫০০ টাকা টিকেট কেটে এই সিনেমা দেখেছি। আমার কাছে মনে হয়েছে টিকেটের মূল্য বেশি। তাহলে সাধারণ মানুষ কি এই সিনেমা দেখতে হলে আসবে না ? প্রশাসনিক শ্রেণীর মানুষরাই কি শুধু দেখবে?

তাই বিদিশা মনে করেন, সাধার‌ন জনগণ থেকে পরবর্তী প্রজন্ম যেন এই সিনেমা দেখতে পারে সেই পদক্ষেপ নেওয়া উচিত। তিনি আরও বলেন, প্রত্যেক জেলায় যদি সিনেমাটি দেখানো যায় তাহলে আরও ভালো হতো এবং টিকেটের মূল্য আরও কমানো উচিত।

মূলত, বাংলাদেশ ও ভারতে যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে।