চট্টগ্রামের মিরসরাইয়ে বিরল প্রজাতির একটি ঈগল পাখি ধরা পড়েছে। উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ৬ নম্বর ওয়ার্ড এলাকার ভূঁইয়াপাড়া গ্রামে পাখিটি দেখা যায়। শুক্রবার (২২ ডিসেম্বর) ঈগলটি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পাখিটি উড়ে এসে একটি পুকুরের জালে আটকা পড়লে গ্রামের লোকজন পাখিটি উদ্ধার করে। পাখিটির ডানায় ও পায়ে ক্ষতের চিহ্ন রয়েছে।
মায়ানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে পুকুরের উপর বসানো জালের উপর আটকা পড়ে বিরল প্রজাতীর ঈগল পাখিটি। সেখান থেকে উদ্ধার করে এলাকার লোকজন পাখিটির ক্ষতস্থানে বায়োডিন এবং নাপা ঔষধ খাওয়ায়। শুক্রবার সকালে শরীরের অবস্থা কিছুটা ভালো দেখে তাকে আকাশে অবমুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে পাখিটি জালের সাথে আটকা পড়ে আঘাত পেয়েছে।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামসুদ্দোহা বলেন, আমি অনলাইনে দেখছি একটি বিরল প্রজাতির ঈগল পাখি ধরা পড়েছে। পাখিটির শরীরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। আজ সকালে আমবার দোকান এলাকায় মুক্ত আকাশে পাখিটি অবমুক্ত করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মায়ানী এলাকায় ঈগল ধরা পড়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।