ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী ডার্লিন মোরাইস মারা গেছেন। কিন্তু তার মৃত্য ঘটেছে অস্বাভাবিকভাবে। মাকড়সার কামড়ে প্রাণ হারিয়েছেন এ শিল্পী।
গত ৬ নভেম্বর ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ সংগীতশিল্পীর। মুত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। ‘ডেইলি মেইল’-এর প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।
ডার্লিনের বাসস্থান ছিল ব্রাজিলের উত্তর-পূর্বে মিরানোর্ট সিটিতে । গত ৩১ অক্টোবর নিজের বাড়িতে ডার্লিনের মুখে মাকড়সা কামড় দেয়। আর এর এক সপ্তাহ পর তার অ্যালার্জির সমস্যা দেখা দেয়। পরে তিনি চিকিৎসকের শরনাপন্ন হন।
চিকিৎসা শেষে গত শুক্রবার হাসপাতাল থেকে ডার্লিন ছুটি নিয়ে বাড়িতে আসেন। এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এতে কোনো কাজ হয়নি বরং ক্রমেই স্বাস্থ্যের আরো অবনতি ঘটে।
এ বিষয়ে ডার্লিনের স্ত্রী লিসবোয়া বলেন, ‘মাকড়সা কামড়ানোর পরপরই ক্লান্তবোধ করে ডার্লিন। তার মুখে কামড়ানোর স্থানটি কালো হয়ে যায়। পরে আমরা তাকে হাসপাতালে ভর্তি করাই।’
ডার্লিনের ১৮ বছর বয়সী সৎকন্যাকেও মাকড়সা কামড় দিয়েছে। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
সংগীতশিল্পী ডার্লিন মাত্র ১৫ বছর বয়সে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন। ব্রাজিলের ঐতিহ্যবাহী গান গেয়ে খুব অল্প সময়ের মধ্যে এ শিল্পী খ্যাতি লাভ করেন।
জাবুম্বা, অ্যাকর্ডিয়ন, মেটাল ট্রায়াঙ্গেল ইত্যাদি ব্যবহার করে তিনি সংগীত পরিবেশন করতেন ডার্লিন। তিনি মূলত তরুণ প্রজন্মের শ্রোতাদের মন জয় করেছিলেন।