মহাখালীতে আগুনের ঘটনায় নিখোঁজ আকলিমার সন্ধান চায় পরিবার

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুনের ঘটনায় আকলিমা রহমান নামে এক তরুণীর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার।

আকলিমা রহমান নামে এই তরুণীর সন্ধান পেতে ধানমন্ডি থেকে মহাখালী ছুটে এসেছেন তার দুই বোন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে বোনের খোঁজে তাদের মহাখালী খাজা টাওয়ারের সামনে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে দেখা যায়।

আকলিমার মামাতো বোন রওশন আরা বলেন, আকলিমা খাজা টাওয়ারের নবম তলার রেস অনলাইন লিমিটেডে কাজ করত। আমরা ধানমণ্ডি থেকে বোনের খোঁজে এসেছি। তাকে খুঁজে পাচ্ছি না। বিকেল ৪টার দিকে আমাদের ফোন দিয়ে আগুনের কথা জানিয়েছে। সেই সময় বলেছে সে ওই ভবনে আটকে পড়েছে।

তিনি আরও বলেন, আকলিমার বাবার নাম মোকলেছুর রহমান। তাদের বাসা মোহাম্মদপুর বসিলা এলাকায়।