দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন (৭ জানুয়ারি) সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (২৪ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, “আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, সব মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), আনসার ও ভিডিপি মহাপরিচালক, র্যাবের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, এনআইডি মহাপরিচালক, ইসির অতিরিক্ত সচিব, সব বিভাগীয় কমিশনার, ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ ইসির সব যুগ্মসচিব এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালককে এ চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।