কুড়িগ্রামের উলিপুরে হাঁসের ডিম ভেজে খাওয়ার জন্য ভাঙ্গলে তার ভিতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) উপজেলার থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হারুনেফড়া এলাকার ফিরোজ আলমের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী আসাদুল (৩০), আছমা বেগম (৫০), ফুল মালা (২৫), হুমাইয়ারা (২০), বিপুল (২০)সহ আরো অনেকে বলেন, প্রতিবেশি ফিরোজ আলমের বাড়িতে হঠাৎ ডাক চিৎকার শুনে তারা এগিয়ে এসে দেখেন বাটিতে ডিমের কুসুমের সাথে একটি সাপের বাচ্চা।
ফিরোজ আলমের স্ত্রী কহিনুর বেগম (২৭) বলেন, তার চারটি হাঁস রয়েছে। হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। বুধবার হাঁসের আবাসস্থল (খোঁয়াড়া) থেকে একটি ডিম বের করে এনে ফ্রিজে রাখেন। পরদিন বৃহস্পতিবার সন্তানকে ভেঁজে খাওয়ানোর জন্য ডিমটি ভেঙ্গে বাটিতে নিলে তিনি দেখতে পান একটি সাপের বাচ্চা। এ সময় তিনি ভয় পেয়ে ডাক-চিৎকার শুরু করেন।
থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শান্তনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে হাঁসের ডিম থেকে সাপের বাচ্চা বের হওয়া সম্ভব না। ওই খোয়াড় থেকে যে ডিমটি নেয়া হয়েছিল সেটি সাপের ডিম ছিল। কারণ বাসা বাড়িতে গোখড়াসহ বিভিন্ন সাপ বিচরন করে।