ভারতের ‘পদ্মশ্রী’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বাংলাদেশের খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদকের জন্য মনোনীত করা হয়েছে।  প্রতিবছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ২০২৪ সালের পদ্ম সম্মাননা প্রাপকদের নাম ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দুই বাংলায় রবীন্দ্র সংগীতে অবদান রাখার জন্য রেজওয়ানা চৌধুরী বন্যার নাম পদ্মশ্রী বিভাগে ঘোষণা করা হয়।  এ বছর ১১০ জনকে পদ্মশ্রী সম্মাননা দেওয়া হবে।

রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন।  তিনি ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ সংগীতশিল্পী বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও ভীষণ জনপ্রিয়।

তিনি শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসংগীতের তালিম নেন।  শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলেন প্রখ্যাত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শৈলজারঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ, গোরা সর্বাধিকারী, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, অশেষ বন্দ্যোপাধ্যায়দের।

সংগীতে বিশেষ অবদান রাখার জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পান গুণী এই রবীন্দ্র সংগীত শিল্পী।