ব্যাডমিন্টন নিয়ে দ্বন্দ্ব, তিন বন্ধু পিটিয়ে মারল ইমনকে

চার বন্ধুর মধ্যে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তিন বন্ধু মিলে লাঠি দিয়ে পেটাতে পেটাতে মেরেই ফেলল অপর বন্ধুকে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে। নিহত কিশোরের নাম ইমন। তার বয়স ১৫ বছর।

পুলিশ জানায়, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ইমনের সাথে সুজন, ফারুক ও মুন্না নামের তিনজনের বাড়াবাড়ি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তিনজন ইমনকে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন আহত ইমনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এই ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে সুজন, ফারুক ও মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সুজন একই এলাকার বাচ্চুর ছেলে, ফারুক বাবুল মিয়ার ছেলে ও মুন্না মৃত বোরহান উদ্দিনের ছেলে। নিহত কিশোরের বাবা সবুজ ছেলের মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।