ব্যাটারিচালিত রিকশায় লাগা আগুন ছড়িয়ে পড়ল দুই দোকানে, ক্ষয়ক্ষতি দেড় লাখ

লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগা আগুনে পুড়েছে গেছে দুটি দোকান। এতে দুটি দোকানের আনুমানিক দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় চায়ের দোকানদার মোহাম্মদ শহীদ জানান, দোকানের বাইরে আগুন দেখার সাথে সাথে মসজিদে মাইক দিয়ে দোকান পুড়ে যাওয়ার খবরটি জানিয়ে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সাইমন স্টোর নামের ক্ষতিগ্রস্ত মুদি মালামালেরর দোকান দুটির মালিক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। তার একটি দোকানের সামনে ব্যাটারিচালিত ভ্যান গাড়ি চার্জে লাগানো ছিল। সেই ভ্যানে লাগা আগুন ছড়িয়ে পড়ে দোকানেও। আরেকটি দোকানে কিছু মালামাল বের করতে পারলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রুবেল আলম জানান, মহিউদ্দিনের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক ভাবে পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।