বান্দরবানে রুমা-থানচি উপজেলায় ২ ও ৩ এপ্রিল সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা ব্যাংক ম্যানেজারকে অপহরণ ও নিরাপত্তা কর্মীদের অস্ত্র লুটের পৃথক মামলায় কেএনএফ সন্দেহে গ্রেপ্তারকৃত ২ নারীসহ ৭ জনকে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে পাঁচজনকে দুই দিন ও দুই নারীকে কারাগারের ফটকে এক দিনের জিজ্ঞাসাবাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।
সোমবার (২২ এপ্রিল) বেলা ১টায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আদালত পুলিশ পরিদর্শক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, থানচি ব্যাংক ডাকাতি মামলায় জেমিনি বম (২০), আসেলং বম(১৯) ভাননুম নুয়াম বম(২৩) ও রুমার অস্ত্র লুটের মামলায় লালরিন ত্লোয়াং বম (২০), ভান নুয়াম থাং বম (৩৭) ভান লাল থাং বম (৪৫) ও লাল লিয়া সিয়াং বম(৫৭) তাদেরকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে পাঁচজনকে দুইদিন ও দুই নারীকে কারাগারের ফটকে এক দিনের জিজ্ঞাসাবাদের রিমান্ডে আবেদন মঞ্জুর করেছেন।
পুলিশ সূত্রে জানায়, রুমার অস্ত্র লুটের মামলায় তিনজন ও থানচি ব্যাংক ডাকাতি মামলায় দুইজনকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্যদিকে থানচি-রুমার একই মামলায় দুই নারীকে কারাগারের ফটকে এক দিনের জিজ্ঞাসাবাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।
উল্লেখ্য, বান্দরবানে রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জড়িত সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সন্দেহে গ্রেপ্তারকৃত ৫৪ জনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। একই দিনে এক নারীকে কারাগারের ফটকে এক দিনের জিজ্ঞাসাবাদের রিমান্ডে আবেদন মঞ্জুর করেছিলেন।
গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর থেকে যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ২১জন নারীসহ ৬৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর হয়েছে।