বিয়ের দিনই পুড়ল কনের বাড়ি

হাটহাজারী প্রতিনিধি 

চট্টগ্রামের হাটহাজারীতে রাতে বিয়ের পিঁড়িতে বসার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল কনের বসতঘর।  শুক্রবার (৮ মার্চ) বিকাল ৪টার সময় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামশেদ তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। এসময় আরও তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতেই এই বাড়িতে মেহেদীর অনুষ্ঠান হয়। শুক্রবার রাতে কনেকে নিয়ে যাওয়ার কথা। তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কনের ঘরসহ ৪ পরিবারের বসতঘর। টিন ও বেড়ার ঘর হওয়ায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে কেউ ঘর থেকে কোন কিছু রক্ষা করতে পারেনি।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয়দের ভুমিকা অসাধারণ ছিলো। তাই আশেপাশের অনেক ঘর বাড়ি রক্ষা পেয়েছে।