বিমানে চেপে মহাসমাবেশে যোগ দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীকালকের (২৭ জুলাই) মহাসমাবেশে যোগ দিতে কক্সবাজারের নেতা কর্মীরা ঢাকায় আসা শুরু করেছে। সড়ক পথে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি এড়াতে বিমানে কক্সবাজার থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বুধবার থেকে ঢাকায় রওনা হয়েছেন।

কক্সবাজারের অর্ধশতাধিক নেতা মহাসমাবেশ যোগদিতে বুধবার (২৬ জুলাই) সকালে বেসরকারি বিমান ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়েন। এই বহরে ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমন, কক্সবাজার পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, কক্সবাজার জেলা যুবদল নেতা রাশেদ, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক ইনজামামুল হকসহ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, সরকার পতনের দাবিতে এবার ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দিন যুগপৎভাবে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ ৩৬টি রাজনৈতিক দল ও জোট।