বিজয় দিবস ঘিরে ব্যস্ততা বেড়েছে ফুল বিক্রেতাদের। রাজধানীতে ট্রাকে ট্রাকে ঢুকছে রক্ত লাল গোলাপ, হলুদ গাঁদা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা। ভরে উঠছে ফুল বিক্রেতার গুদাম। কারিগরেরাও ব্যস্ত পুষ্পস্তবক তৈরিতে। দোকানগুলোতে ফুলের তোড়া কিনতে ভিড় করছেন ক্রেতারা। সাদা শোলার গোল ফ্রেমটায় লাল সবুজ রঙ। নিপুণ হাতে কামিনীর পাতা গেঁথে দিচ্ছেন শিল্পী। থরে থরে বসবে লাল গোলাপ। পাশে আভা ছড়াবে হলুদ গাঁদা। থাকবে রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাসসহ আরও অনেক ফুল। বীর শহীদদের শ্রদ্ধা জানাতেই এই প্রচেষ্টা। ভোর হলেই শুরু হবে বিজয় উদযাপন। সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে স্বাধীন ও স্বপ্নচেতা লাখো বাঙালির। হাতে হাতে শোভা পাবে ফুল, মালা, পুষ্পস্তবক। আর সেই প্রস্তুতিই চলছে ফুলের দোকানে। অর্ডার নেওয়া ও ফ্রেম তৈরিতে চলছে শেষ মুর্হূতের ব্যস্ততা। রাজধানীতে ফুল নিয়ে ঢুকছে একের পর এক ট্রাক। আর কাজের ব্যস্ততা বাড়ছে আড়তে। সাভার, মানিকগঞ্জ, গদখালি, ঝিনাইদহ, চুয়াডাঙ্গাসহ নানা জায়গা থেকে আসছে ফুল। বিক্রেতারা জানান, বরাবরের মতো এবারো চাহিদা বেশি গোলাপ, গাঁদা, রজনীগন্ধার মতো দেশি ফুলের। অর্কিডসহ নানা জাতের দৃষ্টিনন্দন ফুলও বিক্রি হবে বিজয় দিবসে। নেতা–কর্মী বা মন্ত্রীরা যারা ফুল নেন, তারা বড় অথ্যাৎ ৩৬ সাইজের পুষ্পস্তবক নেন। তবে অনেক বিক্রেতা বলছেন, যেরকম চাহিদা ফুলের সেরকম উৎপাদন নেই। কিছুদিন আগে বৃষ্টি হওয়ায় অনেক ফুল নষ্ট হয়ে গেছে।