বিকেলে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’ এ যোগ দিতে দুই দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ মে) বিকেল ৩টায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম : এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।

ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত এ ফোরামে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশ্লেষকরা। বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং তা থেকে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলার পথ খুঁজে বের করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করাই এই ফোরামের মূল উদ্দেশ্য।

শেখ হাসিনা কাল ৩য় কিউইএফের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন, দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন এবং কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ. আল-ফালিহের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ২৪ মে কিউইএফ-এ যোগ দেবেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির (আমিরি দিওয়ানে) সঙ্গে বৈঠক করবেন এবং আওসাজ একাডেমি (একটি বিশেষ স্কুল) পরিদর্শন করবেন। আগামী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত মার্চে এলডিসি-৫ সম্মেলনে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনা কাতার গিয়েছিলেন।