চার বছর আগের রাজধানীর পল্টন থানার এক নাশকতার মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন। তবে অন্য মামলায় গ্রেপ্তার থাকায় কারামুক্ত হতে পারছেন না এ্যানি। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘২০১৯ সালের অক্টোবর মাসে পল্টন থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলার এজাহারে এ্যানি সাহেবের নাম ছিল না। চার্জশিটে নাম আসে। তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। এরই মাঝে তিনি অন্য মামলায় গ্রেপ্তার হন। তাঁকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।’ এই আইনজীবী আরও বলেন, ‘আমরা উচ্চ আদালতের দেওয়া বেলবন্ড দাখিল করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির স্থায়ী জামিনের আবেদন করি। আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। তিনি অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন। এজন্য মুক্ত হতে পারছেন না। তাঁকে কারামুক্ত করতে আইনী লড়াই চালিয়ে যাচ্ছি।’ শুনানির সময় এ্যানিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ১০ অক্টোবর গভীর রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ধানমন্ডি মডেল থানার মামলায় তাঁকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ১৪ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।