বিএনপি নেতাদের ঘুম নেই: কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের প্রতিনিধিদল ভারতে যাওয়ায় বিএনপি নেতাদের ঘুম নেই।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, চার-পাঁচ দিন ধরে দেখছি সুর নরম হয়ে আসছে।  এক দফার কথাও আর বলছেনা বিএনপি।  মনে হচ্ছে দম ফুরিয়ে আসছে। চোখে-মুখে অন্ধকার দেখছে তারা।  শুকিয়ে গেছে চোখ-মুখ।

ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রতিনিধিদল ভারত যাওয়ায় বিএনপি নেতাদের ঘুম নেই।  বিদেশে আমাদের বন্ধু আছে। প্রভু নেই।  ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব রাজনীতিতে আজকে যারা মাতব্বর, মোড়ল গণতন্ত্রের মাতব্বর, মানবাধিকারের মাতব্বর, তাদের নিজেদের দেশে গণতন্ত্র কেমন আছে? মানবাধিকার কেমন আছে? তাদের দেশে শতশত নারীর মৃত্যু হয়, শিশুর মৃত্যু হয়।  সেখানে মানবাধিকারের পতাকা ভূলুণ্ঠিত কেন? যারা আমাদের পরামর্শ দেন, তারা কেন ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন না।  ইসরায়েলকে কেউ কিছু বলে না।

মঙ্গলবার,  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে ‘বাংলার মাতা, বাংলাদেশের নেতা’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করা হয়।  এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।  সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বঙ্গমাতাকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তিনি ছিলেন একজন অসাধারণ নারী, তিনি বাংলার মহীয়সী নারী।  বেগম মুজিব সম্পর্কে এবং তার বর্ণাঢ্য ইতিহাস সম্পর্কে তোমাদের মূল্যায়ন আমাকে মুগ্ধ করেছে।  তার সম্পর্কে তোমরা যথাযথই জেনেছো।