সমাবেশের পরের দিন বিএনপি কেন অবরোধ কর্মসূচির দিল? এর মধ্য দিয়ে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৩১ জুলাই) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, সমাবেশের পরের দিন তারা কেন অবরোধ কর্মসূচির দিল? এটা কোন ধরনের গণতন্ত্র? এটা তো নির্বাচনকে বাধাগ্রস্ত করা। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে। ভিসানীতি তো তাদের ওপর প্রয়োগ করা উচিৎ। তাদের উদ্দেশ্য একটা লাশ ফেলা। লন্ডন থেকে তারেক রহমান সেই নির্দেশই দিয়েছেন।
এ সময় নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশ্বের যে কোনো দেশের কার্যক্রমের একটা সীমা রয়েছে। ভিয়েনা কনভেনশনে কিছু নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী চললে বিদেশি রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারবেন না। আমরা তাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে, এটা (বাংলাদেশ ইস্যুতে আপনাদের হস্তক্ষেপ) ভিয়েনা কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক। এর বাইরে তো আমরা তাদের সঙ্গে সংঘাতে জড়াতে পারি না।
বিএনপির কোনো কর্মসূচি আওয়ামী লীগ ‘কপি’ করছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজ কোনো কর্মসূচি নেই। আওয়ামী লীগ মাঠে থাকবে নির্বাচন পর্যন্ত।
তিনি বলেন, আমার কথা হলো- নির্বাচন করতে হবে। আমরা সংবিধান অনুযায়ী দ্বাদশ নির্বাচন করব।
এমএইচএফ