বিএনপির সমাবেশ শুরু

নির্বাচনকালীন সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে সমাবেশ শুরু করেছে বিএনপি।

বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

রাজধানী ও বিভিন্ন এলাকার নেতাকর্মীরাও মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসেছেন। তারা মাথায় বিভিন্ন রঙের ক্যাপ এবং জাতীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে এসেছে।খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তুলছে।

এর আগে, সকাল থেকেই নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন সমাবেশস্থলে। আজ ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার আশপাশের জেলা ও দেশের অন্যান্য জায়গা থেকে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। এতে সকাল ১০টার মধ্যেই ফকিরাপুল থেকে নাইটিংগেল মোড পর্যন্ত নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়।

নয়াপল্টন বিএনপি অফিসের সামনে দেখা গেছে, সমাবেশে অংশ নিতে আসা মধ্যম সারির নেতাদের বসার জন্য মঞ্চের দুই পাশে চেয়ার দেওয়া হয়েছে। আর নেতাকর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট। মঞ্চের সামনে চেয়ার পেতে বসার ব্যবস্থা করা হয়েছে সংবাদকর্মীদের।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ থেকে এক দফার ঘোষণা দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সমাবেশকে ঘিরে ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহজনক মনে হলে তল্লাশি করতেও দেখা গেছে। অন্যদিকে বিএনপির সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড়গামী সড়কে যানচলাচল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে।

আশপাশের এলাকার মধ্যে কাকরাইল, ফকিরেরপুল, পল্টন, মৎস ভবন, সেগুনবাগিচা, বিজয়নগর এলাকার সকল রাস্তায় যানবাহন আটকে আছে। সমাবেশের কারণে যানজটের প্রভাব পড়েছে রাজধানীজুড়ে।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ট্রাকে তৈরি মঞ্চে বিশাল আকৃতির ব্যানারে লেখা হয়েছে- গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের ১ দফা যৌথ ঘোষণার সমাবেশ।

একইদিনে বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোও যুগপৎ আন্দোলনের একদফার ঘোষণা দেবে।

এমএইচএফ