বিএনপির সব নেতাই নির্বাচন করতে চান : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সব নেতাই নির্বাচন করতে চান।  অথচ দলটি তাদের সদস্যদের ইউনিয়ন পরিষদের মেম্বার পদেও নির্বাচন করতে দিচ্ছে না।

সোমবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে সফররত বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা নির্বাচন করতে চান।  কিন্তু তাদের সদস্যদের নির্বাচন করতে দিচ্ছে না।  মানুষ যদি দলটিতে থেকে নির্বাচনই করতে না পারে. তাহলে এই দলে থাকবে কেন?

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনগুলোতে যার বহিঃপ্রকাশ দেখেছি।  আমরা উকিল আব্দুস সাত্তারকে দেখেছি।  আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে তাহলে বহু ‘উকিল আব্দুস সাত্তার’ দলটি থেকে বেরিয়ে আসবে।