বিএন‌পির ডাকে জনগণ কোনদিনই রিঅ্যাকশন দেখায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

৭ জানুয়া‌রি ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতা এবং কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখতে বিএন‌পির আহ্বা‌নে জনগণ সাড়া দে‌বে না মন্তব‌্য ক‌রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ব‌লে‌ছেন, এ দেশের জনগণ তাদের চেনে। এ সমস্ত ডাকে জনগণ কোনদিনই রিঅ্যাকশন (প্রতিক্রিয়া) দেখায়নি। আমার মনে হয়, জনগণ সময়মত ভোট দেবেন এবং নির্বাচন কমিশন সুন্দর নির্বাচন উপহার দেবে। বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবা‌বে তি‌নি এ কথা ব‌লেন। বিএনপির এমন আহ্বানের বিষয়ে জান‌তে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ‘অসহযোগ’ করবেন, তাদের বাসা থেকে যদি বিদ্যুৎ চলে যায়, পানি যদি বন্ধ হয়ে যায়; যেহেতু উনারাই চাচ্ছেন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে- তাহলে কী হবে? তারা কি সেটি বুঝতে পারছেন? মন্ত্রী বলেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল না দিলে ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগ অন্য গ্রাহকদের জন্য যা করে, তাদের জন্যও সেটাই করবে। তাহলে কী হবে? সেটিও তাদের চিন্তায় নেওয়া উচিত। উল্লেখ্য, ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দলটি সরকারকে ‘সব ক্ষেত্রে’ অসহযোগিতা করার জন্য জনগণকে অনুরোধ করেছে। বিএনপির পক্ষ থেকে জনগণকে সব প্রকার কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। আজ দুপুর সাড়ে ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান ও অনুরোধ জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।