বিএনপির আগুন সন্ত্রাস দমনে ছাত্রলীগই যথেষ্ট:মাহি

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, বিএনপি যে জ্বালাও-পোড়াও করছে, নৈরাজ্য করছে, তা দমনের জন্য আমাদের ছাত্রলীগের ভাইয়েরাই যথেষ্ট। বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি মানুষ প্রত্যাখ্যান করেছে।

(৬ নভেম্বর)সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের ব্যানারে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে মিছিল পরবর্তী এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহি আরও বলেন, বিএনপি জোট যেসব অরাজকতা দেশে করছে, তা নতুন প্রজন্ম ও পরিবারের সন্তানদের বোঝাতে হবে। আমাদের নতুন প্রজন্ম যেন বিএনপিকে সমর্থন না করে, সেজন্য আমাদেরই তাদের বোঝাতে হবে এবং আওয়ামী লীগ যে উন্নয়নে বিশ্বাসী, সেটাও বোঝাতে হবে। তাহলেই তাদের জনসমর্থন দিন দিন কমে যাবে। তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সভাপতি সাঈফ জামান আনন্দ, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমজান ইসলাম সোহানসহ অনেকে।

এর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু একটি বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়।