চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৬তম আসরে মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়।
নাজরিনের পরিচালিত ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’’ অস্কারের সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য মনোনীত হয়েছে। সারা ম্যাকফারলেনের সহ-প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নো।
যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের র্যাচেল নামে এক সিঙ্গেল মায়ের গল্পকে কেন্দ্র করে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
বাংলাদেশি মা-বাবার সন্তান নাজরিন চৌধুরী বেড়ে ওঠেন ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম লন্ডনে। তিনি কিংস কলেজ লন্ডনে বায়োমেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং ডাক্তার হওয়ার জন্য বিএসসি অনার্সসহ স্নাতক পাশ করেন। কিন্তু অবশেষে একজন লেখক হিসেবে নিজেকে প্রকাশ করেন তিনি।
নাজরিন একাধারে চিত্রনাট্যকার, অভিনেত্রী, লেখক, নাট্যকার ও টেলিভিশন প্রযোজক। ২০০৬ সালে রিচার্ড ইমিসন অ্যাওয়ার্ড জেতে তার লেখা রেডিও নাটক ‘মিক্সড ব্লাড’। এছাড়া নিজের প্রথম উপন্যাস ‘মাই ইংল্যান্ড’-এর জন্য আর্টস কাউন্সিল ইংল্যান্ড থেকে অনুদান পান তিনি।
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র পাশাপাশি মনোনীত হয়েছে ‘দ্য আফটার’, ‘ইনভিনসিবল’, ‘নাইট অব ফরচুন’, ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’।