বাঁশখালীতে পুকুরে ডুবে দুই কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে একই পুকুরে ডুবে ওয়াজিফা বেগম (৫) ও মারিয়া আক্তার (৫) নামে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার শীলকুপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার মাইজপাড়া মাবিয়া বাপের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া শিশু মারিয়া আক্তার মাইজপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের কন্যা, ওয়াজিফা বেগম আবু ছালেকের কন্যা।

স্থানীয় সুত্রে জানা যায়, দুই শিশু একে অপরের খেলার সাথী। ধারনা করা হচ্ছে শুক্রবার আনুমানিক সকাল ১১টার দিকে বাড়ীর পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় তারা। দুপুর ১২টায় হঠাৎ পুকুরে চোখ পড়তেই মারিয়াকে পুকুরে ভাসতে দেখে তার মা। মাবিয়াকে উদ্ধার করতে গিয়ে একই পুকুরে খোঁজ মিলে ওয়াজিফার। দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এক সাথে দুই কন্যা শিশুর‌ মৃত‌্যু‌তে এলাকায় শো‌কের ছায়া নেমে এসে‌ছে।