বাঁশখালীতে উপনির্বাচন : হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম গত বছরের ২৫ অক্টোবর আকস্মিক মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। ফলে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আগামী ৯ মার্চ চেয়ারম্যান পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তপশীল ঘোষণার পর ১৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দিয়েছে ১১ জন। তম্মধ্যে দুজন প্রার্থীতা প্রত্যাহার করেন এবং অন্য দুজনের মনোনয়ন বাতিল হলে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

তারা হলেন- এম. বখতিয়ার উদ্দীন চৌধুরী (টেবিল ফ্যান), মোঃ জসিম উদ্দিন (আনারস), মোঃ রেজাউল করিম চৌধুরী (অটোরিকশা), মায়মুনুর রশিদ চৌধুরী (মোটর সাইকেল, সাদুর রশিদ চৌধুরী (চশমা), মো. নাছির উদ্দিন খান (ঢোল), দেলোয়ার আজিম (টেলিফান) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

একদা বাহারছড়া ইউনিয়ন বিএনপির দুর্গ হিসেবে পরিচিতি থাকলেও পর পর দুবার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাজুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়। বর্তমান সাত চেয়ারম্যান প্রার্থীর ৫ (পাঁচ) জন আওয়ামীলীগ সমর্থিত হলেও সাদুর রশিদ চৌধুরী জামায়াত এবং দেলোয়ার আজিম বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রত্যেক প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী।

বর্তমান সাংসদের বিশ্বস্ত হিসেবে পরিচিত চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন খোকন বলেন, দীর্ঘদীন ধরে সাধারন জনগনের পাশে থেকে রাজনৈতিক সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছি। বিশ্বাস জনগন ভোট দিয়ে তাদের পাশে রাখবে। তিনি আরো বলেন নির্বাচিত হলে জনপদের চিহ্নিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবো।

জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাদুর রশিদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন বাহারছড়া ইউনিয়ন একটি সমৃদ্ধ জনপদ। নির্বাচিত হলে যোগাযোগ, শিক্ষা,সামজিক এবং পর্যটন শিল্পের উন্নয়ন সাধন করে বাহারছড়াকে একটি মডেল ইউনিয়ন বানাবো।

সাধারন ভোটারদের সাথে কথা বলে জানা যায় টেবিল ফ্যান, আনারস, অটোরিকশা, চশমা ও টেলিফোন প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বেশি হওয়ায় জামায়াত বিএনপি সমর্থিত কেউ একজন জিতে যাবার সম্ভাবনা বেশি। সাধারণ ভোটাররা পার্থক্য গড়ে দেবে।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ হারুন মোল্লা জানান, অবাধ সুষ্ট নিরপেক্ষ নির্বাচন সম্পাদনের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বাহারছড়া ইউনিয়নে ৩১,২৭৬ জন ভোটার রয়েছে। আগামী ৯ মার্চ (শনিবার) ১০ দশটি কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবে মরহুম তাজুল ইসলামের উত্তরসুরী।