ফেনীতে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে (বৃহস্পতিবার) আধাবেলা হরতালের সমর্থনে আয়োজিত মিছিলে এ হামলার ঘটনা ঘটে।
এতে ফেনী জেলা বাসদের সমন্বয়ক জসিম উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনীর আহ্বায়ক নয়ন পাশা, মার্কসবাদী নেত্রী রাইহান এ কমুসহ ১০ জন আহত হয়েছেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনীর সাধারণ সম্পাদক মোবারক হোসেন জামসেদ বলেন, আমরা মিছিল নিয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে বড় মসজিদ এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা শুরু করে। আমাদের হাতে থাকা মশাল কেড়ে নিয়ে তারা সেগুলো দিয়েই আমাদের মারধর করেছে।