চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় সাতটি ড্রাম ট্রাক ও তিনটি স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার সুয়াবিল, নারায়নহাট, দাঁতমারা ও বাগান বাজারের বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।
বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ এবং আনসার সদস্যদের সহযোগীতায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার জানান, ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকায় কৃষি জমির টপসয়েল কাটায় ২টি ড্রাম ট্রাক, দাতমারার মোহাম্মদপুর এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনের মধ্য দিয়ে পাহাড় কাটায় ১টি স্কেভেটর ও ১টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
এছাড়াও নারায়ণহাটে হালদা ভ্যালি চা বাগানের পাশে কৃষি জমির টপসয়েল কাটায় চা বাগান কর্তৃপক্ষের ১টি স্কেভেটর ও ১টি ড্রাম ট্রাক এবং বাগানবাজার ইউনিয়নে গার্ডের দোকান এলাকায় পাহাড় কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।