প্রতীক বরাদ্দ পেয়েই আজিমপুর কবরস্থানে বাবা সাবেক মেয়র হানিফের কবর জিয়ারত করে নিজের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাঈদ খোকন। আর এই আসনে লাঙ্গলের ফিরোজ রশীদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এরপর সোমবার দুপুর ১২টায় সাঈদ খোকন জাতীয় পার্টির কো–চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের ধানমণ্ডির বাসায় যান এবং সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।
ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় সাঈদ খোকনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফিরোজ রশীদ। ফিরোজ রশীদ ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সাঈদ খোকনকে মনোনয়ন দেয়ায় রোববার মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি।
এসময় সাংবাদিকদের ফিরোজ রশীদ বলেন, ২০১৮ সালে সে আমার নির্বাচনের সময় পাশে ছিল। আমিও জাতীয় পার্টির সব নেতাকর্মী নিয়ে এবার তার পাশে থাকব।
ফিরোজ রশীদ সম্পর্কে সাংবাদিকদের সাঈদ খোকন বলেন, তিনি আমার চাচা। তিনি আমার প্রয়াত পিতা মেয়র মোহাম্মদ হানিফের অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। আমি যখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছিলাম, তখন আমাদের এলাকার সংসদ সদস্য ছিলেন তিনি। তার সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা দুজনই একসঙ্গে পুরান ঢাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, সেবা করেছি।
এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, প্রতিন্দ্বন্দ্বী কাউকেই হালকাভাবে দেখার সুযোগ নেই।