প্রকাশ্যে শাকিব খানের নতুন সিনেমার ফার্স্ট লুক

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন ‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফী।  সিনেমার নাম তুফান।  আর এই ছবির প্রযোজনায় রয়েছে বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান- আলফা আই, চরকি ও এসভিএফ (কলকাতা)।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হয়।  এ সময় সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।  ছবিটি নিয়ে শাকিব-রাফী দুজনেই বেশ উচ্ছ্বসিত।

এ সময়ে সিনেমাটির নির্মাতা রাফী বলেন, সুরঙ্গ সিনেমা পর আমার অনেক বড় স্বপ্ন ছিলো বড় আয়োজনে সিনেমা বানানোর।  সেটা এবার পূরণ হতে যাচ্ছে।  দেশের বড় সুপারস্টারের সাথে কাজ করছি।  এটা আমার অনেক বড় পাওয়া।  বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেব। ’

শাকিব খান বলেন, ‘আমরা যদি ভারতের সাউথ ও বলিউডের দিকে তাকাই, তারা কিন্তু এক হয়ে কাজ করছে।  একত্র হয়েই বিশ্ববাজারে তারা নিজেদের সিনেমা তুলে ধরছে।  আমিও এই স্বপ্নটা দেখতাম; দেশের সিনেমা কীভাবে অন্যান্য দেশে নিয়ে যাওয়া যায়।  গত কোরবানির ঈদে কিন্তু সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে।  দেশের বাইরেও আমাদের ছবি সাফল্য পেয়েছে। ’

ঢালিউড তারকার স্বপ্ন, একদিন তার সিনেমাও ১০০ কোটি টাকা আয় করবে।  সে বিষয়ে তার ভাষ্য, ‘আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি, ১০০ কোটির ক্লাবে কবে যাবো।  ওই দিন বেশি দূরে নয়, যেদিন আমাদের সিনেমার জন্য ১০০ কোটি টাকাও কম মনে হবে।  উত্তর আমেরিকায় বাংলা সিনেমার প্রায় ২৫-৩০ লাখ দর্শকের একটা বাজার তৈরি হয়ে আছে।  বাকি ছিল দুই ইন্ডাস্ট্রির সমন্বয়ে কাজ করা।  এবার সেটাও হলো। ’

নাম-নির্মাতা-নায়কের ঘোষণা দিলেও ‘তুফান’র নায়িকা কিংবা অন্যান্য কোনও তথ্য প্রকাশ করা হয়নি।  সেটাকে বাড়তি চমক হিসেবে গোপন রাখছেন সংশ্লিষ্টরা।