পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

 

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের সপ্তম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে।

পাবনার ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,ইউরেনিয়ামের সপ্তম চালানের গাড়ি বহর ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।

তিনি আরও বলেন, ইউরেনিয়াম আসাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। এ ছাড়া ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা থেকে প্রকল্প এলাকার রূপপুর পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে এসে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জ্বালানির প্রথম চালান। পরদিন ২৯ সেপ্টেম্বর বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জ্বালানি নেওয়া হয় প্রকল্প এলাকায় । প্রথম চালানের এক সপ্তাহ পর গত ৬ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ইউরেনিয়ামের দ্বিতীয় চালান রাজধানী ঢাকা থেকে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছা য়। ১৩ অক্টোবর একই পথে ইউরেনিয়ামের তৃতীয় চালান এবং গত ২০ অক্টোবর চতুর্থ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায় । ২৭ অক্টোবর পঞ্চম চালান ও ৩ নভেম্বর ষষ্ঠ চালান রূপপুর প্রকল্পে পৌঁছায়।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের সবচেয়ে আলোচিত ও বৃহৎ প্রকল্প। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের ব্যয় ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। আর রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।