আড়তে পাইকারিতে প্রতিটি ডিম বিক্রি হয়েছে ৯ টাকা। সেই ডিম বিভিন্ন বাজার, অলিগলির মুদির দোকানে সাড়ে ১১ টাকা থেকে ১৪ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
বুধবার (৮ নভেম্বর) সরেজমিন এমন চিত্র দেখা গেছে।
নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজারে দুইটি ডিমের দোকানে সন্ধ্যায় প্রতি ডজন মুরগির (বাদামি) ডিম বিক্রি হয়েছে ১৪০ টাকা।
এ হিসাবে প্রতিটি ডিমের দাম পড়েছে প্রায় ১১ টাকা ৬৬ পয়সা। আবার সকালে আসকার দীঘির পাড়ের বিভিন্ন মুদির দোকানে প্রতি জোড়া ডিম বিক্রি হয়েছে ২৫ টাকা।
কোনো দোকানে প্রতিটি ডিম ১৩-১৪ টাকাও বিক্রি হয়েছে। এক্ষেত্রে দোকানিরা জানান, তারা বেশি দামে কিনেছিলেন তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর বলেন, ডিমের চাহিদা কমছে। আগে চট্টগ্রাম শহরে ডিম বিক্রি হতো ২০-২৫ লাখ পিস। এখন তা ১৫ লাখে ঠেকেছে। আমরা চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ছাড়াও জেলায়ও ডিমের বাজার নিয়ন্ত্রণ করে থাকি।