চিত্রনায়িকা পরীমণিকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলার বিচার হবে ক্যামেরা ট্রায়ালে। পরীমণির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২৪ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে পরীমণি উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে তিনি আদালতকে বলেন, আমি ঘটনার কিছু প্রকাশ্যে বলতে চাচ্ছি না। তখন বিচারক প্রশ্ন করেন, আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান? এরপর পরীমণির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন।
আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এদিন ক্যামেরা ট্রায়ালে এ মামলার বিচার হবে।
উল্লেখ্য, পুরো বিচার প্রক্রিয়া প্রকাশ্য আদালত বা ট্রাইব্যুনালে শেষ করা হলো পাবলিক ট্রায়াল। সেখানে আদালত কক্ষে যে কেউ প্রবেশ করতে পারেন। ‘ক্যামেরা ট্রায়াল’ বলতে বোঝায়, কোনও বিশেষ মামলার অনুসন্ধান বা বিচারের যেকোনও পর্যায়ে বিচারক চাইলে সংশ্লিষ্টদের বিশেষ কামরা বা রুদ্ধদ্বার কক্ষে বা নিজের এজলাসে বসার নির্দেশ দিতে পারেন। আদালতের অনুমতি ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ বা অবস্থান করতে পারবে না।
২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির নাম উল্লেখ করে এবং চার জনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ১৩ ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিন এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।
গত ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।