ঢাকা-৭ আসনের নির্বাচনী প্রচারণায় নৌকায় চড়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান সেলিম ও তার বাবা সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরাতন জেলখানার মোড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন সোলায়মান সেলিম। প্রচারণা শুরুর আগে জেলখানার মোড়ে ৩১ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের তৈরি নৌকার ওপরে ওঠেন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও আগামী দ্বাদশ নির্বাচনে সরকার দলীয় মনোনীত প্রার্থী সোলায়মান সেলিম। এ সময় সোলায়মান সেলিম বলেন, আমার নির্বাচনী এলাকাটি ব্যবসায়িক এলাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আমার বাবা ১৯৯৬ সাল থেকে নেত্রীকে এই এলাকা থেকে তিনবার নৌকায় জয়যুক্ত করেছেন। ইনশাআল্লাহ আমিও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখব। এবারের নির্বাচনে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।