নীলফামারী-২ (সদর) আসনে সংসদ সদস্য পদে টানা পঞ্চমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ জন্য নেতা-কর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। শুধু শহরে নয়, ইউনিয়ন পর্যায়ে চলছে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নীলফামারী-২ আসনের জন্য তার নাম ঘোষণা করা হয়। এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সূত্রমতে, নূর ১৯৯৬ সালে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে প্রথমবার নীলফামারী-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি টানা ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। টানা সফলতায় দ্বাদশ নির্বাচনে এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।
দলীয় মনোনয়ন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সাংবাদিকেদের বলেন, পঞ্চমবারের জন্য নেত্রী আমাকে মনোনয়ন দিলেন। তিনি আমার ওপর আস্থা রেখেছেন। এ জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই নেত্রীকে। পাশাপাশি নীলফামারীর মানুষও আমার ওপর আস্থা রেখেছেন। দলীয় কর্মী হিসেবে, একজন এমপি হিসেবে আমি চেষ্টা করেছি আন্তরিকতার সঙ্গে তার (নেত্রী) নির্দেশ অনুযায়ী জনগণকে সেবা দিতে।
সংসদ সদস্য আসাদুজ্জামান নূর পঞ্চমবার মনোনয়ন পাওয়া আনন্দ বিরাজ করছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে।
এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন, একজন সৎ-যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং দলীয় নেত্রীকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।