আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনকে ভোটের জন্য অতিরিক্ত সমস্যা বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, ভোট বর্জনের আহ্বান জানিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। অন্যান্য ভোটে একমুখী সমস্যা থাকে। প্রার্থী ও তাদের সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করেন। তাদের আচরণবিধি মানতে বাধ্য করা হয়। এবারের নির্বাচনে আরেকটি অতিরিক্ত সমস্যা হলো নাশকতা, সন্ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করা। একটি বা দুটি দলের আন্দোলনকে কেন্দ্র করে শঙ্কা সৃষ্টি হতে পারে। সেইগুলো মোকাবিলা করে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে অডোটিরিয়ামে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।