নির্দিষ্ট সংখ্যক আসন পাচ্ছে জাতীয় পার্টি: কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আসন সমঝোতা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে। তাদের নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে। সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না।”

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

প্রার্থিতার বিষয়ে আজ বিকেল ৪টার মধ্যে চূড়ান্ত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি।”

তিনি বলেন, “বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনকে ভাগাভাগি বলছে। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল এবং প্রায় ২,২০০ প্রার্থী আছেন, সে নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়?” এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।