নারী সমাজকে জনসম্পদে পরিণত করতে হবে : চসিক ভারপ্রাপ্ত মেয়র

‘আমাদের সমাজের নানা কুসংস্কার এবং পশ্চাদপদ মানসিকতার কারণে নারীরা এক সময় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত থেকেছে। একটি দেশের সুষম বিকাশের জন্য অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি, নারীর ক্ষমতায়ন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরী। নারীরাও যে দেশের সম্পদ এ উপলব্ধি দিন দিন বাড়ছে। নারী সমাজকে গুনগত শিক্ষা দিয়ে জনসম্পদে পরিণত করতে হবে।’

গতকাল বুধবার নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর একথা বলেন।

অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আকতার।

স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল।