কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে একসঙ্গে ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গুণবতী ইউনিয়নের ঝিকড্ড গ্রামের আনিসুর রহমানের মেয়ে আনিকা রহমান অনন্যা (১৮) ও ছেলে তানভীর রহমান (১৬)।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নানাবাড়িতে বেড়াতে আসেন আনিকা রহমান অনন্যা ও তানভীর রহমান। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মামাতো ভাইদের সঙ্গে নিয়ে তারা মোট ছয়জন খাটরা গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণে বের হন। দুপুর ১২টার দিকে প্রবল বাতাসে নৌকাটি উল্টে নদীতে তলিয়ে যায়। এসময় তাদের তাদের সঙ্গে থাকা চারজন সাঁতরিয়ে প্রাণে বাঁচলেও সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান অনন্যা ও তানভীর।
ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কারও কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দুটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।